ইসরায়েলের জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে গাদি আইজেনকট

তেল আবিব,২০ অক্টোবর-ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন কম দেখা গেছে। দেশটির নাগরিকেরা সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে সাবেক সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিক গাদি আইজেনকটকে বেশি উপযুক্ত মনে করছেন। একই সঙ্গে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে, নির্বাচনে আইজেনকটের দল ইয়াশার পার্টি সবচেয়ে বেশি আসন পেতে পারে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত চ্যানেল টুয়েলভের এক জনমত জরিপে দেখা গেছে, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকটের প্রতি সমর্থন নেতানিয়াহুর চেয়ে ১২ শতাংশ পয়েন্ট বেশি।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫ শতাংশ মনে করেন, আইজেনকট প্রধানমন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত। অন্যদিকে ৩৩ শতাংশ উত্তরদাতা নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন। এর আগে প্রকাশিত জরিপে এই দুই নেতার মধ্যে ব্যবধান ছিল ১০ শতাংশ পয়েন্ট। নতুন জরিপে সেই ব্যবধান বেড়ে ১২ শতাংশ পয়েন্ট হয়েছে।
নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি থাকতে প্রকাশিত এই জরিপে পার্লামেন্টে বিভিন্ন দলের আসন পাওয়ার সম্ভাব্য হিসাবও তুলে ধরা হয়েছে। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকটের দল ইয়াশার সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসতে পারে।
জরিপের হিসাব অনুযায়ী, ইয়াশার ২৪টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২১টি আসন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল টুগেদারের আসনসংখ্যা হতে পারে ১৪টি। এ ছাড়া ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট—দুটি দলই ৯টি করে আসন পেতে পারে।
অন্যদিকে আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি, কট্টর অর্থোডক্স ইহুদিদের দল শাস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার পার্টি আটটি করে আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জরিপে আরও বলা হয়েছে, নেতানিয়াহুর বিরোধী ইহুদি-নেতৃত্বাধীন দলগুলো সব মিলিয়ে ৫৫টি আসন পেতে পারে। আগের জরিপের তুলনায় এই সংখ্যা দুই আসন বেশি। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের আসনসংখ্যা হতে পারে ৫১টি।
এ ছাড়া আরব দল দুটি মিলিয়ে আরও ১৪টি আসন পেতে পারে। সেই হিসাবে নেতানিয়াহুর জোটের বাইরে থাকা দলগুলোর মোট আসন দাঁড়াতে পারে ৬৯টিতে। তবে এসব দলকে নিয়ে ভবিষ্যতে সরকার গঠনের জন্য কোনো জোট তৈরি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
প্রধানমন্ত্রী হিসেবে কে বেশি উপযুক্ত, জরিপে এমন আরেকটি প্রশ্নের উত্তরেও নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। উত্তরদাতাদের ৩৯ শতাংশ মনে করেন, বেনেট প্রধানমন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৪ শতাংশ। আর ২২ শতাংশ উত্তরদাতার মতে, তাঁদের কেউই প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত নন।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর ভোটে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেটিও জরিপে জানতে চাওয়া হয়। জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ ইসরায়েলি জানিয়েছেন, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন তাঁদের ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।
অন্যদিকে ১৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্পের সমর্থনের কারণে লিকুদ পার্টিকে ভোট দেওয়ার সম্ভাবনা তাঁদের কমেছে। বিপরীতে ১২ শতাংশ জানিয়েছেন, ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর দলের প্রতি তাঁদের সমর্থন আরও বাড়িয়েছে।
এর আগে গত রোববার নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান ট্রাম্প। এ সময় তিনি নেতানিয়াহুর নেতৃত্ব এবং ওয়াশিংটনের সঙ্গে তাঁর অংশীদারত্বের প্রশংসা করেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর অবস্থানের বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
এস এম/ ২০ অক্টোবর ২০২৬







