সৈয়দপুরে শিক্ষার্থীদের খেলাসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারী,২০ অক্টোবর-প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার সময় কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাঁদের বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের দেখতে পেয়ে প্রধানমন্ত্রী বাস থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। পরে তিনি তাঁদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে কলেজের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের অনুরোধ জানানো হয়েছে। কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুম চাওয়া হয়েছে। তাঁদের এসব চাহিদার কথা লিখিতভাবে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে করে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বাসে করে সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
এস এম/ ২০ অক্টোবর ২০২৬







