এনবিআরকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ১৮ আগস্ট – বিগত ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে জনগণের নির্ভরতা ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কর ব্যবস্থাকে অবশ্যই দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে যাতে নাগরিকরা স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত হন।
একই করদাতার ওপর বারবার করের বোঝা না চাপিয়ে কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তিদের চিহ্নিত করে করের আওতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড এই বিশেষ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অনেকাংশেই এনবিআরের সফলতার ওপর নির্ভরশীল। তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের শাসনামলে এনবিআর রাজনৈতিক হস্তক্ষেপ ও অনৈতিক পৃষ্ঠপোষকতার শিকার হয়েছিল।
এতে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়। তবে এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এনবিআরকে প্রতিষ্ঠিত করার সময় এসেছে। দক্ষ ও আধুনিক রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে এই আস্থা অর্জনের দায়িত্ব কর্মকর্তাদেরই নিতে হবে।
বিশ্ব অর্থনীতির পরিবর্তনের কথা তুলে ধরে তিনি ডিজিটাল ইকোনমি, ই কমার্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলোতে কর্মকর্তাদের দক্ষতা অর্জনের তাগিদ দেন। দেশের অর্থনীতির একটি বড় অংশ এখনো অপ্রাতিষ্ঠানিক রয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে হলে নিয়মিত করদাতাদের ওপর চাপ কমিয়ে করের ভিত্তি বাড়াতে হবে।
তিনি আরও বলেন, যারা নিয়মিত কর দেন তাদের সম্মানিত করতে হবে এবং যারা ইচ্ছাকৃতভাবে ফাঁকি দেন তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ব্যবসায়িক জটিলতা কমিয়ে আস্থার সম্পর্ক তৈরি করতে হবে।
মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে সহযোগী মনে করে সেই পরিবেশ তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, সরকার যে কোনো বিশৃঙ্খলা পরিহার করে দেশের স্বার্থে কর্মকর্তাদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করবে। বিগত কয়েক মাসের রাজস্ব আদায়ের ইতিবাচক গতির প্রশংসা করে তিনি দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









