লন্ডনে গুলিতে সিলেটের বিশ্বনাথের যুবক মাছুম আহমদ নিহত

লন্ডন, ১৮ আগস্ট – যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ইস্টহ্যাম এলাকায় বন্দুকধারীর গুলিতে মাছুম আহমদ নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন এবং পেশাগত জীবনে এক সময় এস্টেট এজেন্ট হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার ও পরিচিতজনদের সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মাছুম গুলিবিদ্ধ হন। তবে ঠিক কী পরিস্থিতিতে এই হামলা হয়েছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ মঙ্গলবার ভোর ৪টার দিকে মাছুমের বাড়িতে গিয়ে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে। মাছুম আহমদের এক কন্যাসন্তান রয়েছে। এদিকে তার মৃত্যুর সংবাদ দেশের বাড়ি বিশ্বনাথে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। গ্রামের মসজিদের মাইকেও তার মৃত্যুর খবর প্রচার করা হয়েছে।
লন্ডনের শ্যাডওয়েলে বসবাসরত মাছুমের চাচা মোহাম্মদ সুমন জানান যে তারা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









