ঝিনাইদহ

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ, ৭ জুন – ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে এদিন সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশন পয়েন্টে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল। রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে রেললাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয় এবং খুলনার সঙ্গে ঢাকা ও রাজশাহীর সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ফলে কপোতাক্ষ এক্সপ্রেস, রকেট মেইল ও সীমান্ত এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন।

সাফদারপুর স্টেশনের মাস্টার গোলাম রসুল নয়ন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর বেলা ১১টার দিকে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে এই দুর্ঘটনার কারণে কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি।

মোবারকগঞ্জ রেল স্টেশনের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language