জাতীয়

অফিসিয়াল সিম সার্বক্ষণিক চালু রাখতে এলজিইডির কর্মকর্তাদের নির্দেশ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

ঢাকা,০২ নভেম্বর-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে তাদের অফিসিয়াল সিম সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও সক্রিয় রাখার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

সম্প্রতি এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে এলজিইডির কর্মকর্তাদের অফিসিয়াল সিম দেওয়া হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানে এসব সিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, অফিসিয়াল সিম বন্ধ থাকলে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হতে পারে। তাই দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিমগুলো সার্বক্ষণিক চালু রাখা প্রয়োজন।

প্রয়োজনে স্মার্ট সিম বা ই-সিম সুবিধা রয়েছে, এমন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে আদেশে।

এতে আরও বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় চালু করা এবং প্রাতিষ্ঠানিক সেবা নিতে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইসংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে অফিসের প্রয়োজনে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাদের এ নির্দেশনা অনুসরণ এবং বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language