জাতীয়

স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ, বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা

স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা,০২ নভেম্বর-জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।

সোমবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।

তিনি বলেন, লি কুয়ান ইউ-এর দূরদর্শী নেতৃত্বে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।

স্পিকার বলেন, ‘২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে এবং এ দেশে আবারও গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ দেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন।

স্পিকার আরও বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। বাংলাদেশের বিনিয়োগ প্রক্রিয়ায় সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

হাইকমিশনার ডেরেক লো বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার প্রসারকে গুরুত্ব দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের মাধ্যমে দেশের কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, সিঙ্গাপুর জাহাজ ও বিভিন্ন ধরনের নৌযান নির্মাণের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের প্রসার এবং ড্রাই ডক স্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকেও অর্থনৈতিকভাবে সুফল পাওয়া সম্ভব।

সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য, তৈরি পোশাক শিল্পের প্রসার, দ্বিপক্ষীয় সংসদীয় সফর বিনিময়, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং পাবলিক পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় স্পিকার ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানান।

বৈঠকে সিঙ্গাপুর দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language