শিক্ষা

এক ঘণ্টাও টিকল না নিয়োগ! সাবেক আওয়ামী মন্ত্রীর ভায়রা হওয়ায় বেরোবি উপাচার্যের প্রজ্ঞাপন বাতিল

ঢাকা, ১৪ মে – রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার আনন্দ এক ঘণ্টাও স্থায়ী হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানের। রাজনৈতিক পরিচয় এবং পারিবারিক সম্পর্কের বিতর্ক ওঠার পরপরই এক নজিরবিহীন ত্বরিত সিদ্ধান্তে তার নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের অংশ হিসেবে ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য বেরোবির দায়িত্ব দেওয়া হয়। তবে প্রজ্ঞাপন জারির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে অভিযোগ ওঠে যে, ড. আনিসুর রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই।

এমন রাজনৈতিক স্পর্শকাতর তথ্য সামনে আসার সাথে সাথেই শিক্ষা মন্ত্রণালয় নড়েচড়ে বসে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিতর্ক এড়াতে নিয়োগের এক ঘণ্টা পার হওয়ার আগেই আগের আদেশ বাতিলের নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখার সহকারী সচিব সুলতান মাহমুদ স্বাক্ষরিত নতুন প্রজ্ঞাপনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ইতিপূর্বে জারি করা স্মারক আদেশসমূহ (৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ২০৭) এতদ্বারা বাতিল করা হলো।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান সরকার উপাচার্য নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ইমেজের ওপর গুরুত্ব দিচ্ছে। ড. আনিসুর রহমান আওয়ামী লীগের সাবেক এক প্রভাবশালী মন্ত্রীর নিকটাত্মীয় হওয়ায় তাঁর নিয়োগটি নিয়ে জনমনে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই বিতর্কের আঁচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানোর আগেই সরকার কঠোর অবস্থান নিয়ে নিয়োগটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন করে গ্রহণযোগ্য কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। তবে আজকের এই ঘটনাটি প্রশাসনিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং সরকারের সতর্ক অবস্থানের বার্তাটি স্পষ্ট করেছে।

এনএন/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language