ঢাকা বোর্ডে এসএসসি বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মাসে সর্বোচ্চ ৬০০ টাকা

ঢাকা,১৯ অক্টোবর-২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মেধা ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকেও এ তালিকা তৈরি করা হয়েছে।
মেধা ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা এবং প্রয়োজনীয় নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা বৃত্তি পাওয়া প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ৬০০ টাকা করে এবং সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা প্রতি মাসে ৩৫০ টাকা করে পাবে। এ ছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য এককালীন অনুদান হিসেবে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৪৫০ টাকা পাবে। উভয় ধরনের বৃত্তির মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত মোট দুই বছর। সরকারি নির্দেশনা অনুযায়ী, মেধা ও সাধারণ বৃত্তি ছাত্র ও ছাত্রীদের মধ্যে সমানভাবে ৫০ শতাংশ করে বণ্টন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধা ও সাধারণ উভয় ধরনের বৃত্তি পাওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা হিসেবে জিপিএ ৩.০০ নির্ধারণ করা হয়েছিল। তবে মেধা বৃত্তি শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী দেওয়া হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে নিজ নিজ ভর্তি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নিতে পারবে না।
বৃত্তির টাকা সরাসরি ‘জিটুপি’ পদ্ধতিতে ‘ইএফটি’-এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ জন্য তালিকায় থাকা শিক্ষার্থীদের অনলাইন সুবিধা রয়েছে, এমন যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলে সেই হিসাবের তথ্য নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে।
এস এম/ ১৯ অক্টোবর ২০২৬







