এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ

ঢাকা,১৩ অক্টোবর- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বছরের পর বছর অকৃতকার্য হওয়ার এই ধারা দীর্ঘ না করে শিক্ষার্থীদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় রোধ করতে একটি প্রজন্ম থেকেই কাজ শুরু করতে হবে, যেন পরবর্তী সময়ে এর বিস্তার ঠেকানো যায়। এ জন্য প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকে কালচার, স্পোর্টস ও নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।
ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, যারা পাস করেছে তারা তো করেছেই। তবে ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়টি আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কীভাবে তাদের পুনরুজ্জীবিত করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
এসএসসি পরীক্ষার নতুন পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এসএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে যারা অকৃতকার্য হবে, ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে তাদের আবার পরীক্ষা নেওয়া হবে। অকৃতকার্য হওয়ার এই ধারা বছরের পর বছর চলতে দেওয়া হবে না। ১৫ দিনের মধ্যে নেওয়া পরীক্ষার ফলের ওপর নির্ভর করবে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় থাকবে কি না। সেখানে সফল হতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাওয়া হবে।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
এস এম/ ১৩ অক্টোবর ২০২৬







