২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, ফি জমার শেষ সময় ৩০ নভেম্বর

ঢাকা,১৭ অক্টোবর=ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কোনো বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ করা যাবে।
শনিবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বরের মধ্যে এবং পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে মোট ২ হাজার ৪৩৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ফির বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এস এম/ ১৭ অক্টোবর ২০২৬







