পর্দা থেকে মসনদে থালাপতি! প্রথম মিশনেই ১০৭ আসন, বিজয়ের ‘ম্যাজিক’ দেখে থমকে গেল তামিল রাজনীতি

চেন্নাই, ৫ মে – তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন নক্ষত্রের উদয় হলো। সিনেমার পর্দা কাঁপানো মেগাস্টার থালাপতি বিজয় এখন বাস্তব জীবনের ‘কিং মেকার’। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তাঁর নবগঠিত দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (TVK) যে অভাবনীয় সাফল্য পেয়েছে, তা দেখে ভারতের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ কপালে। এমজিআর কিংবা জয়ললিতার পর দক্ষিণ ভারতে এমন ‘সুপারস্টার টু চিফ মিনিস্টার’ ইমেজ আর কারও দেখা যায়নি।
নির্বাচনী ফলাফলে দেখা গেছে, ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল এককভাবে ১০৭টি আসনে জয়লাভ করেছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের চেয়ে তিনি সামান্য পিছিয়ে আছেন, তবে প্রথমবারেই এমন পারফরম্যান্সকে ‘রাজনৈতিক সুনামি’ বলছে ইন্ডাস্ট্রি। অভিনেতা নিজে পেরাম্বুর আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়ে আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেছেন।
থালাপতির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত পুরো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগত। কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত বিজয়কে অভিনন্দন জানিয়ে একে ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন। এ আর রহমান, অস্কারজয়ী এই সংগীত পরিচালক একটি দীর্ঘ বার্তায় লিখেছেন, “বিজয় তামিলনাড়ুকে দুর্নীতিমুক্ত রাজনীতি ও সামাজিক ন্যায়বিচারের পথে নিয়ে যাবেন। তাঁর হাত ধরেই চেন্নাই হবে সমৃদ্ধির নগরী।” এছাড়া কমল হাসান অভিনেতা-রাজনীতিক বিজয়ের ওপর জনগণের আস্থার প্রশংসা করেছেন।
এছাড়া ধনুশ, রাম চরণ, রাশমিকা মান্দানা, মহেশ বাবু ও কাজল আগরওয়ালের মতো শীর্ষ তারকারা বিজয়কে শুভেচ্ছায় ভাসিয়েছেন। বিশেষ করে রাশমিকা তাঁর নতুন এই রাজনৈতিক অধ্যায় নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিজয় আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি সিনেমা ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করবেন। তাঁর এই জয় প্রমাণ করে যে, ভক্তদের ভালোবাসা তিনি সফলভাবে ব্যালট বক্সে রূপান্তর করতে পেরেছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, জোট গঠনের মাধ্যমে খুব শীঘ্রই হয়তো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি।
থালাপতি বিজয়ের এই উত্থান কেবল তামিলনাড়ুর নয়, বরং ভারতের আঞ্চলিক রাজনীতিতে একটি বিশাল বার্তা। তাঁর দল যদি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারে, তবে দক্ষিণ ভারতের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এনএন/ ৫ মে ২০২৬









