চতুর্থবার ক্ষমতায় আসছে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা ব্যানার্জী

কলকাতা, ২৯ এপ্রিল – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন যে তার দল তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে।
বুধবার দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমকে এই কথা জানান।
মুখ্যমন্ত্রী বলেন যে তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে।
বিকেল সাড়ে ৪টার দিকে ভবানীপুর আসনের প্রার্থী হিসেবে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে জয়ের চিহ্ন প্রদর্শন করে তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। একই সাথে মমতা ব্যানার্জী কেন্দ্রীয় বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পরিবর্তে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুরক্ষা দিচ্ছে।
তিনি আরও বলেন যে ১৯৮৪ সাল থেকে তিনি নির্বাচনে লড়াই করছেন কিন্তু এবারের মতো পরিস্থিতি কখনও দেখেননি।
এদিকে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ইভিএম বিকল হওয়া এবং প্রার্থীর ওপর হামলার মতো কিছু অভিযোগ থাকলেও ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে সন্ধ্যা পর্যন্ত।
আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এর আগে গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে প্রথম দফার ভোট গ্রহণ করা হয়েছিল।
এনএন/ ২৯ এপ্রিল ২০২৬









