কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ মৃত্যু: মালিককে গ্রেপ্তার করল পুলিশ

কলকাতা, ২২ আগস্ট – কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় জড়িত হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কলকাতার বেহালা এলাকায় নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই অভিযুক্ত মালিক পলাতক ছিলেন। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, তিনি ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপন করেছিলেন। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
গত মঙ্গলবার গভীর রাতে ওই হোটেলটিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এতে সাতজন বাংলাদেশি পর্যটকসহ মোট নয়জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এই ঘটনার প্রেক্ষাপটে নিউ মার্কেট এলাকায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যবেক্ষণে কড়াকড়ি শুরু করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার ওই এলাকার ১১টি হোটেল এবং শনিবার আরও ছয়টি হোটেলকে আইনানুগ ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এনএন/ ২২ আগস্ট ২০২৬









