পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব পেল স্কুল সার্ভিস কমিশন

শুভেন্দু অধিকারী

কলকাতা, ০৮ অক্টোবর-ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, শিক্ষক নিয়োগে সমতা আনতে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে ‘মাদ্রাসা সার্ভিস কমিশন’। এখন থেকে সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সব দায়িত্ব দেওয়া হয়েছে একমাত্র ‘স্কুল সার্ভিস কমিশন’ বা এসএসসির ওপর।

বুধবার ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে। এটিকে সরাসরি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির সঙ্গে যুক্ত করা হয়েছে। এখন থেকে রাজ্যের সব মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করবে এসএসসি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শুভেন্দু বলেছেন, ‘মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে। ওটা স্কুল সার্ভিস কমিশনে মার্জ করে দেওয়া হয়েছে।’ অর্থাৎ, মাদ্রাসার জন্য আলাদা করে আর কোনো পৃথক পরীক্ষা থাকছে না।

বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

তবে এই প্রশাসনিক সিদ্ধান্তকে আইনি বৈধতা দিতে বিধানসভায় নতুন বিল আনতে হবে রাজ্য সরকারকে। পুরোনো মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিল করতে বিধানসভায় বিল পাস করা জরুরি। শুধু তা নয়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই অতিরিক্ত নিয়োগের আইনি পথ তৈরি করতে এসএসসি আইনেও সংশোধনী আনতে হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এ বিষয়ে শিগগির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় বিল এনে আইনি জটিলতা দূর করার পরই নতুন নিয়ম পুরোপুরি কার্যকর হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৮ সালের আগে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য আলাদা করে কোনো বোর্ড ও প্যানেল ছিল না। ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে প্রথম সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা দেয়। এরপর ২০০৮ সালে তৈরি হয় মাদ্রাসা সার্ভিস কমিশন আইন। তারপর থেকে ওই আইনের ভিত্তিতেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়ে আসছিল। কিন্তু বর্তমান সরকার নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চাইছে। সবার নিয়োগ যাতে একটি নির্দিষ্ট জায়গা থেকে হয়, মূলত সেই চিন্তা থেকেই মাদ্রাসা কমিশন তুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এস এম/ ০৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language