পশ্চিমবঙ্গ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: ৭ বাংলাদেশির মরদেহ শনিবার দেশে ফেরার সম্ভাবনা

কলকাতা, ২০ আগস্ট – কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় নাগরিক। কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে যে আগামী শনিবার ২২ আগস্টের মধ্যে বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

মঙ্গলবার গভীর রাতে ১৫জি মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন আকরাম আলী, দেবাশীষ দত্ত, আফসানা শিরমিন, সর্নাশীষ দত্ত, বাবু আহমেদ, রেবতী সরকার এবং এস এম আলিমুজ্জামান।

ভারতীয় দুই নাগরিকের পরিচয় পাওয়া গেছে ঝাড়খণ্ডের সন্দীপ পাশওয়ান এবং শিলিগুড়ির যোগ নারায়ণ আগারওয়াল হিসেবে। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষ হওয়ার পর ভারতীয় নাগরিকদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাত বাংলাদেশির মরদেহ বর্তমানে মর্গেই রাখা রয়েছে।

কুষ্টিয়া থেকে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবার এবং সাতক্ষীরা থেকে আলিমুজ্জামানের স্বজনরা ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া দুই হোটেলকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তদন্তে জানা গেছে যে এসি মেশিনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। একইসঙ্গে এলাকার অন্যান্য হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতেও আবাসিক হোটেল ও গেস্ট হাউসে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

এস এম/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language