গুম প্রতিরোধ ও মানবাধিকার রক্ষায় জাতীয় সংসদে তিনটি পৃথক বিল উত্থাপন

ঢাকা, ২৭ আগস্ট – দেশের নাগরিকদের মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা ও ন্যায়বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের নিয়মিত কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা এই বিলগুলো পেশ করেন। বিলগুলো বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
সংসদে উত্থাপিত বিলগুলোর মধ্যে অন্যতম হলো বহুল আলোচিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সভায় উত্থাপন করেন। এই বিলের মূল লক্ষ্য হলো গুম প্রতিরোধ করা, গুমের ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণসহ যথাযথ প্রতিকার প্রদান করা। বিলটি অধিকতর পর্যালোচনার জন্য বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে।
একই দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন। বিদ্যমান জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ রহিত করে একটি সময়োপযোগী নতুন আইন প্রণয়নের উদ্দেশ্যে এই বিলটি আনা হয়েছে।
এছাড়া বর্তমানের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট ১৮৮২ এর প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬ ও একই মন্ত্রী সভায় উত্থাপন করেন। বিল দুটি পর্যালোচনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কমিটিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বিলগুলো নিয়ে তাদের প্রতিবেদন সংসদে পেশ করবে বলে জানানো হয়েছে।
এনএন/ ২৭ আগস্ট ২০২৬









