জাতীয়

বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে

বাংলাদেশি পাসপোর্টধারী

ঢাকা,২৮ নভেম্বর-বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য প্রযোজ্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। তবে একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর ভিসা ছাড়া প্রবেশের সুযোগ রয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা থেকে প্রকাশিত একটি তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। অর্থাৎ এসব দেশে অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন না।

এদিকে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা কার্যকর হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।

উল্লেখ্য, ভিসা অব্যাহতির এ সুবিধা পাসপোর্টের ধরন ও ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভর করে। তাই সাধারণ পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসানীতি ও প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করে নেওয়া জরুরি।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language