ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঢাকা,২৮ নভেম্বর-ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান—এমন খবর নাকচ করে তিনি বলেছেন, তার দেশে আসার কোনো সম্ভাবনাই নেই।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
জাহেদুর রহমান বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।’
তিনি জানান, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, সেই স্মৃতি জাদুঘরের মাধ্যমে সজীব ও সতেজ রাখতে চান। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নন, তার দল বাংলাদেশে কী করেছে এবং কী পরিমাণ বিপর্যয় চালিয়েছে, তা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে।
উপদেষ্টা বলেন, জাদুঘরের মাধ্যমে তারা ক্রমাগত এই স্মৃতি সজীব ও সতেজ রাখতে চান। বাংলাদেশে শেখ হাসিনার পাশাপাশি তার দলকেও জনগণের মন থেকে প্রত্যাখ্যাত হতে হবে। তিনি বলেন, ‘গায়ের জোরের কিছু না। জনগণ যাতে রিজেক্ট করে। সো আমরা এ ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
জাহেদুর রহমান বলেন, প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট ও হাহাকার রয়েছে। যেসব পরিবারের সন্তান মারা গেছেন, তাদের প্রত্যেকেরই অন্য সন্তানও রয়েছে। সেই সন্তানদের মধ্যে একজনকে তারা হারিয়েছেন।
তথ্য উপদেষ্টা আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে জোর করে ১৮ বছর ক্ষমতায় থেকে নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিনা ভোটে এবং কখনো রাতের বেলায়, আবার কখনো দিনের ভোট কেটে তারা ক্ষমতায় ছিল। এরই পরিণতি হলো জুলাই গণঅভ্যুত্থান।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬







