পশ্চিমবঙ্গ

শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় বিশেষ ত্রিকোণীয় গ্রিড গঠনের ঘোষণা অমিত শাহর

কলকাতা, ২৩ আগস্ট – ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার শিলিগুড়ি সফরের সময় এই কৌশলগত করিডরের প্রশাসনিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বিস্তারিত জানান।

শিলিগুড়ির রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৮৯ কোটি রুপি ব্যয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্তা উপস্থিত ছিলেন।

নেপাল, ভুটান ও বাংলাদেশের ভৌগোলিক সান্নিধ্যের কারণে এই করিডরটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর বলে অভিহিত করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চোপড়া, কিষানগঞ্জ ও ধুবড়ি ঘাঁটি থেকে এই গ্রিডের মাধ্যমে নজরদারি ও সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। এছাড়া করিডরের সুরক্ষায় ‘তিস্তা প্রহার’-এর মতো নিয়মিত সামরিক মহড়া পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, অনুপ্রবেশ রোধে কাঁটাতারের বেড়া নির্মাণ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর জন্য ভূমির প্রয়োজনীয়তা দেখা দিলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে বিএসএফ ও এসএসবির জমি সংক্রান্ত জটিলতা নিরসন করেছেন।

সীমান্তবর্তী এলাকার অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নেও ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর আওতায় ৬ হাজার ৮৩৯ কোটি রুপি ব্যয়ে বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

পাশাপাশি শিলিগুড়ি ও জলপাইগুড়ি রেলস্টেশন আধুনিকায়নের কাজ চলছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঘোষিত দিল্লি-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর চালু হলে দিল্লি থেকে কয়েক ঘণ্টায় শিলিগুড়ি পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language