কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: তদন্তে ভয়াবহ অনিয়মের চিত্র প্রকাশ

কলকাতা, ২০ আগস্ট – কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমে অসংখ্য অনিয়মের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।
বুধবার হোটেল শিখা ইন পরিদর্শন করে পুলিশ, দমকল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ঘিঞ্জি ওই হোটেলটিতে নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা ছিল না। মঙ্গলবারের ওই অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিক ও দুইজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন।
ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
তদন্তকারী দল জানিয়েছে, মাত্র ১১০০ বর্গফুটের মধ্যে পাঁচটি কক্ষ তৈরি করা হয়েছিল যার চারটিতেই কোনো জানালা ছিল না। এছাড়া কক্ষগুলোর সিলিং ছিল কাঠের তৈরি এবং প্রতিটি কক্ষের পার্টিশন পুরোপুরি ছাদ পর্যন্ত ছিল না। এর ফলে রিসেপশনে লাগা আগুনের ধোঁয়া ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে দ্রুত কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
হোটেলটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য মাত্র একটি সরু পথ ছিল যেখানেই আগুনের সূত্রপাত হয়। ফলে ভেতরে থাকা পর্যটকদের বের হওয়ার কোনো সুযোগ ছিল না। অধিকাংশ মৃতদেহ বিছানা, মেঝে এবং শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে।
কলকাতা পুলিশ এই ঘটনায় একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে এবং সংশ্লিষ্ট ভবনটি সিল করে দেওয়া হয়েছে।
এনএন/ ২০ আগস্ট ২০২৬









