জাতীয়

জেলা পর্যায়ে তদারকির দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী ও হুইপ

ঢাকা, ২৭ আগস্ট – দেশের সব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, মাদক নির্মূল এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিশেষ দায়িত্ব প্রদান করেছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, অতীতে বিভিন্ন জেলায় উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের বড় একটি অংশ দুর্নীতির মাধ্যমে অপচয় ও লুটপাট হয়েছে। এই লুটপাটের অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং অন্য অংশটি মাদকসহ নানা সামাজিক অবক্ষয় ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহার করা হচ্ছে বলে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং সার্বিক জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ে জেলা পর্যায়ে এই তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট ও নীলফামারীসহ কয়েকটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান খুলনা ও সাতক্ষীরা এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার তদারকি করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং রুলস অব বিজনেসের বিধান মতে প্রধানমন্ত্রী এই নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন।

হাইকোর্ট বিভাগের একটি পূর্ববর্তী রায়ের আলোকেও এই ধরনের দায়িত্ব বণ্টন সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও হুইপরা নিজ নিজ জেলায় মাদক চোরাচালান প্রতিরোধ ও গুরুতর অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির মতো উন্নয়নমূলক কর্মসূচিগুলো তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে তারা জেলা পর্যায়ের সভায় অংশ নিয়ে দিকনির্দেশনা দিতে পারবেন বলেও জানানো হয়েছে।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language