বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ

ঢাকা, ২৭ আগস্ট – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।
বাউবি সূত্রে জানা গেছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ হাজার ২৪ জন শিক্ষার্থী। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন, যার মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী।
পরীক্ষার ফলাফলের গেজেট ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে হস্তান্তর করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য বলেন, মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য বাউবি শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি করে দিচ্ছে। তিনি জানান, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ প্রক্রিয়াকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাত্র ৪৯ কার্যদিবসের মধ্যে এবারের এসএসসির ফল প্রকাশ করা সম্ভব হয়েছে যা একটি বড় সাফল্য।
কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অনুত্তীর্ণদের হতাশ না হয়ে পুনরায় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে ভবিষ্যতে কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং ই-অ্যাটেনডেন্স ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
এনএন/ ২৭ আগস্ট ২০২৬









