শিক্ষা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৭ নির্দেশনা

ঢাকা, ২৬ আগস্ট – ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ এর ব্যাপক প্রচার নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাতটি বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের সকল স্কুল, কলেজ, মাদরাসা এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে লোগো, মাসকট, ব্যানার ও ফেস্টুন প্রদর্শনসহ এই নির্দেশনাগুলো মেনে চলতে বলা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় এই প্রচার কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার মাউশির শারীরিক শিক্ষা উপপরিচালক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, প্রতিযোগিতার লোগো, মাসকট এবং ব্যানার মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

এগুলো প্রতিষ্ঠানের মূল গেট বা দৃশ্যমান কোনো স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। মাউশির দেওয়া সাতটি নির্দেশনার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক ও দৃশ্যমান স্থানে ব্যানার প্রদর্শন করা। প্রতিটি ক্লাসে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এই প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করতে হবে।

এছাড়া প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিজস্ব ওয়েবসাইটেও প্রচার কার্যক্রম চালাতে হবে। সংশ্লিষ্ট মাঠপর্যায়ের অফিসগুলোকেও তাদের আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্রচার সামগ্রী লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language