শিক্ষা

এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ঢাকা, ২৪ আগস্ট – নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গত ২৩ আগস্ট সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে ২১টি শর্ত সাপেক্ষে পুলিশ এই অনুমতি প্রদান করে। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত স্থানের বাইরে কোনো কর্মসূচি পালন করা যাবে না এবং উসকানিমূলক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কাজ করা যাবে না এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা নিষিদ্ধ করা হয়েছে।

পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম জানান যে অনেক বছর ধরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন ছাড়াই শিক্ষাদান করছেন। তাদের একমাত্র দাবি হলো যোগ্য প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ২৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language