টলিউড

চলে গেলেন টালিউডের প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী

কলকাতা, ৯ মার্চ – টালিউডের প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী আর নেই। সোমবার ভোরে ঘুমের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। কলকাতার আর্টিস্ট ফোরামের সদস্য দেবদূত ঘোষ ভারতীয় গণমাধ্যমকে এই প্রবীণ অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সকালে গৃহপরিচারিকা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। এরপর চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত করেন ভোররাতের দিকেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তমাল রায় চৌধুরী দীর্ঘদিন ধরে কলকাতার বিনোদন জগতে কাজ করেছেন। তিনি থিয়েটারেও দারুণ সক্রিয় ছিলেন। বড় পর্দায় তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিস্মর, রামধনু, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান ইত্যাদি। তার প্রাণবন্ত অভিনয় এবং সমৃদ্ধ ক্যারিয়ার তাকে দর্শকদের মাঝে বিশেষ পরিচিতি দিয়েছে। তার মৃত্যুর সংবাদে চলচ্চিত্র ও থিয়েটার অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলা সিনেমা, টেলিভিশন ধারাবাহিক এবং মঞ্চনাটকে দীর্ঘ সময় ধরে অভিনয় করেছেন তমাল রায় চৌধুরী।

অভিনয়ের জগতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং নানা ধরনের চরিত্রে সাবলীল উপস্থিতি তাকে জনপ্রিয় করে তোলে। পর্দায় নেতিবাচক চরিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। তবে শুধু খলচরিত্রই নয় ইতিবাচক চরিত্রেও তিনি সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। বয়সের ভারে এবং শারীরিক অসুস্থতার কারণে এক সময় ধীরে ধীরে অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণেই কাজ কমিয়ে দিয়েছেন। তার বুকে পেসমেকার বসানো হয়েছিল। শুটিংয়ের কাজে দূরে যেতে হওয়ায় অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি কাজ নেওয়া বন্ধ করে দেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে অভিনয়ের সুযোগও আগের তুলনায় কম পাচ্ছিলেন বলে আক্ষেপ করেছিলেন এই গুণী অভিনেতা।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language