টলিউড

বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন দেব, ভক্তদের সতর্ক থাকার আহ্বান

কলকাতা, ৭ মে – পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওটিকে বিকৃত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে কালো রঙের টিশার্ট পরিহিত দেব জনাকীর্ণ স্থান থেকে বেরিয়ে যাচ্ছেন।

সেই সময় তার চারপাশে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। যদিও ভিডিওটি ঠিক কোন সময়ের বা এর পেছনে প্রকৃত সত্য কী, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তি দূর করতে দেব বলেন, বাংলা সবসময় সৌজন্যের কথা বলে, ঘৃণা বা বিদ্বেষের সংস্কৃতি এখানে নেই। গত কয়েক দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার কিছু এডিটেড বা বিকৃত ভিডিও অনলাইনে প্রচার করা হচ্ছে।

সাধারণ মানুষের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। দয়া করে এগুলো শেয়ার করে অপপ্রচার ছড়াবেন না। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে অত্যন্ত সক্রিয়ভাবে প্রচার অভিযানে অংশ নিয়েছিলেন দেব।

নির্বাচনের পর রাজনৈতিক পটভূমিতে পরিবর্তনের যে আভাস পাওয়া যাচ্ছে, তার মধ্যেই এমন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। দেব এর আগেও জানিয়েছিলেন যে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থাশীল। বিভাজনের রাজনীতি কিংবা অপপ্রচারের বিপরীতে সুস্থ রাজনীতির পক্ষে নিজের অবস্থান পুনরায় ব্যক্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ক নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা চলছে।

এস এম/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language