মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান: ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ হবে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি

ঢাকা, ০৫ নভেম্বর – মোংলা বন্দরকে জাতীয় অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি উল্লেখ করে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে রূপান্তরের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নতুন জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই লক্ষ্যমাত্রার কথা জানান।
ট্রিলিয়ন ডলার অর্থনীতির রূপরেখা ও সরকারের অগ্রাধিকার
প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক ভিতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সমন্বিত কৌশল গ্রহণ করেছে।
তিনি উল্লেখ করেন— “আগামী ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়াই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দ্রুত শিল্পায়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য ও জ্বালানির বৈশ্বিক সরবরাহ চেইন ঠিক রাখা এখন বড় চ্যালেঞ্জ। মোংলা বন্দর জ্বালানি, খাদ্য ও শিল্প কঁচামাল আমদানি এবং আমাদের তৈরি পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে সরাসরি ভূমিকা রেখে জাতীয় অর্থনীতির নিরাপত্তাকে আরও জোরদার করবে।
চীনের সঙ্গে সমঝোতা স্মারক ও হাই-লেভেল বৈঠক
মোংলা সফরে বন্দর অবকাঠামো ও সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এক নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে দেশীয় সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের খ্যাতনামা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আগত উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্যিক প্রসারে চীনা বিনিয়োগের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এনএন/ ০৫ নভেম্বর ২০২৬







