জাতীয়

ডিসেম্বর-জানুয়ারিতে দেশে ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, তীব্র হতে পারে ৩টি

শৈত্যপ্রবাহ

ঢাকা,০৪ নভেম্বর-আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

বুধবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী জানুয়ারি পর্যন্ত সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। ফলে শীতের অনুভূতি বাড়তে পারে।

অন্যদিকে, এ সময় দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৃদু শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে, মাঝারি শৈত্যপ্রবাহের সময় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে এবং তীব্র শৈত্যপ্রবাহের সময় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language