আইন-আদালত

তাহসিফ হত্যা মামলায় দীপের আবারও ৩ দিনের রিমান্ড, দিশার জিজ্ঞাসাবাদে নতুন তথ্য

তাহসিফ

ঢাকা,০৪ নভেম্বর-বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে আসতে শুরু করেছে। এ ঘটনায় গ্রেপ্তার তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন আরেক আসামি জেরিকা তাসনিম দিশা। এদিকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল চার দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. হাসান শাহাদাত জামিনের আবেদন নামঞ্জুর করে দীপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার একই মামলায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই এবং হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা সম্পর্কে আরও তথ্য জানার জন্য আবারও রিমান্ডের আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার দিন নিহত তাহসিফকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তিতে গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, তাহসিফ তার সিনিয়র বড় ভাই ছিলেন। তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে নিয়েও তদন্তে নতুন করে গুরুত্ব দিচ্ছে পুলিশ। মুখোমুখি জিজ্ঞাসাবাদে তিনি কিছু তথ্য দিতে শুরু করেছেন বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দিশার দেওয়া তথ্য ও দীপের বক্তব্য মিলিয়ে দেখলে তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ সৌরি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানান।

সর্বশেষ রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ পাঠান তাহসিফ। সেখানে তিনি বলেন, ‘রওনা দিয়েছি, আসছি।’ এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language