মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনে ভারতকে সরবরাহের প্রস্তাব বিবেচনায় কাতার

এলএনজি

দোহা,০৫ নভেম্বর-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আমদানির উৎস বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার বিষয়ে ভারতের প্রস্তাব বিবেচনা করতে রাজি হয়েছে কাতার। নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কেনা গ্যাসের একটি অংশ ভারতকে দেওয়ার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

ভারতের শীর্ষ গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রতিষ্ঠানটির গ্রুপ জেনারেল ম্যানেজার বিবেক মিত্তাল জানান, ২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কিছু এলএনজি কেনার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে ভারত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী কাতারের সঙ্গে পেট্রোনেটের বছরে ৭৫ লাখ মেট্রিক টন গ্যাস আমদানির চুক্তি রয়েছে। ২০২৮ সালের এপ্রিলে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পরে সেটি আরও ২০ বছরের জন্য নবায়ন করা হয়েছে। ফলে ২০৪৮ সাল পর্যন্ত এ চুক্তির আওতায় গ্যাস সরবরাহ করা যাবে।

বিবেক মিত্তাল বলেন, নবায়ন করা চুক্তির আওতায় গ্যাস সরবরাহের উৎস বাড়ানোর বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের অনুরোধ বিবেচনা করে কাতার তাদের বিকল্প উৎস থেকে কেনা গ্যাসের একটি নির্দিষ্ট অংশ সরবরাহ করতে পারে।

এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের উডসাইডের স্থাপনা থেকে বছরে ৩০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার জন্য ২০ বছর মেয়াদি চুক্তি করেছে কাতারএনার্জি। ২০৩০ সাল থেকে এ গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া চেনিয়ার এনার্জির সঙ্গে ২০৫৪ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৪০ লাখ মেট্রিক টন গ্যাস কেনার জন্য দুটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়া এবং রাস লাফান স্থাপনায় হামলার পর গত মার্চে এলএনজি সরবরাহে ফোর্স মেজর ঘোষণা করে কাতারএনার্জি। প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের কারণে আপাতত ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের পর জ্বালানি আমদানির বিকল্প উৎস খুঁজতে তৎপর হয়েছে ভারত। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, ওমান, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশটি। অন্যদিকে কাতারের সরবরাহ বন্ধ থাকায় পেট্রোনেট তিনটি এলএনজি ট্যাংকারের সময়ভিত্তিক ভাড়া চুক্তিও স্থগিত করেছে।

এস এম/ ০৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language