জাতীয়

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান

মসিউর রহমান

ঢাকা,০৫ নভেম্বর-ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

চুক্তিতে সচিব পদে দায়িত্ব পালন করা মসিউর রহমানকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ বুধবার প্রকাশ করা হয়েছে।

তবে মসিউর রহমানকে কেন ওই দায়িত্ব থেকে সরানো হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দেন, এটিকে আমি যদি বলি হাদিস, তাহলে আপনারা মনে করবেন আমি ওনাকে (প্রধানমন্ত্রী) পরবর্তী পোস্টিংয়ের জন্য তেল মারছি। তবে এটি একটি শাশ্বত বাণী।’

এরপর মসিউর রহমান বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ। বলেন, কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যাদের মধ্যে দেশপ্রেম নেই, তারাই বলতে পারে যে আমি মানি না। আমার আগে আমরা, আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব এবং তার আগে দেশ। তার আগে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটা হাদিস, এটা হাদিস, এটা শাশ্বত বাণী। এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। ওনার (প্রধানমন্ত্রী) মুখে দাড়ি নেই, টুপি পরেন না—এ জন্য হাদিস হয়নি, এটা হাদিস।’

পরে তাঁর দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

এস এম/ ০৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language