‘ইলিশ চন্দনা’য় দেব-ইধিকার রসায়ন, দুর্গাপূজায় মুক্তি পেল নতুন গান

কলকাতা, ২৯ সেপ্টেম্বর- টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পাল পর্দায় তাদের কেমিস্ট্রি দিয়ে আবারও দর্শকদের নজর কেড়েছেন। দেব-শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় ইধিকার সঙ্গে রোম্যান্সে দেখা গেছে ওপার বাংলার এই অভিনেতাকে।
আসন্ন দুর্গাপূজার আমেজ আরও বাড়াতে আগেভাগেই গানটি প্রকাশ করেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। গানটি প্রকাশের পর ওপার বাংলার দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তাদের একাংশের মতে, শুভশ্রীর চেয়ে ইধিকার সঙ্গেই দেবকে বেশি মানিয়েছে।
‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় দেব-ইধিকার রসায়ন বেশ আলোচনায় এসেছে। কয়েক দিন ধরেই সহ-অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক পোজের ছবি প্রকাশ করে আলোচনায় রয়েছেন দেব। এর মধ্যে তাদের পুরোনো প্রেমের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে সমালোচকদের ধারণা, সিনেমার প্রচারের অংশ হিসেবেই শুভশ্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো আগে থেকেই প্রকাশ করছেন দেব।
‘ইলিশ চন্দনা’ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপূজাকে মাতাতে বিশেষ উৎসবের গান হিসেবে এটি প্রকাশ করা হয়েছে। তাদের ভাষায়, ‘এবার পুজো মাতাবে মাছের ও নাচের রানি!’।
সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির দৃশ্যে থাকা ইধিকার সঙ্গে দেবের কয়েকটি রোম্যান্টিক পোজের ছবি প্রকাশ করেছেন দেব। তবে শুধু দেব ও ইধিকাই নন, গানটিতে টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও দর্শকদের নজর কেড়েছেন। গঙ্গাবক্ষে ধারণ করা হাই-এনার্জির এই গানটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।
এর আগে দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব ও ইধিকার নাচ দর্শকদের নজর কেড়েছিল। এবার ‘দেশু ৭’-এর ‘ইলিশ চন্দনা’য় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের।
এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬







