জাতীয়

পুরান ঢাকার ঐতিহাসিক স্থানগুলো আর নষ্ট হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক

ঢাকা শহরের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলো আর ধ্বংস হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, এসব ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সবার নৈতিক ও নাগরিক দায়িত্ব।

মঙ্গলবার ওয়ারীতে অবস্থিত ঢাকা খ্রীস্টিয়ান কবরস্থানের প্রাচীন সমাধিগুলো সংরক্ষণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ‘আদি ঢাকা’র হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও রূপ ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন। আদি ঢাকাকে ঘিরেই আজকের এই মেগাসিটি গড়ে উঠেছে। এখানকার ঐতিহাসিক স্থানগুলোর গুরুত্ব অনেক। তাই অতীতের কোনো নিদর্শন আর নষ্ট হতে দেওয়া যাবে না।

ওয়ারী এলাকার পুরোনো ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, একসময় নদীবেষ্টিত যোগাযোগব্যবস্থা ও নগর সুবিধার কারণে ওয়ারী ছিল ঢাকার সবচেয়ে বনেদি ও অভিজাত এলাকা। অনেক প্রখ্যাত ব্যক্তি এখানে বসবাস করতেন। পাশে থাকা বলধা গার্ডেনসহ পুরো এলাকার পরিবেশ আগের মতো উন্নত ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে সিটি কর্পোরেশন কাজ করছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমান অধিকারের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলতে কোনো শব্দ নেই; আমরা সবাই বাংলাদেশি এবং এ দেশের নাগরিক। আমার যে অধিকার, আমার অন্য ধর্মাবলম্বী বন্ধুরও ঠিক একই অধিকার রয়েছে। আমরা কোনো বিভেদ চাই না; সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে পারস্পরিক প্রীতি ও সৌহার্দ্য নিয়ে শান্তিতে বসবাস করতে চাই।’

উদ্বোধনের সময় প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী এই কবরস্থানের শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, আলোকসজ্জা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা আরও জোরদার করা হবে। কবরস্থানটির সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য তাৎক্ষণিকভাবে ডিএসসিসির তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও অর্থ সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

আদি ঢাকার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, রাস্তা সরু হলেও সেগুলো পরিচ্ছন্ন রাখা হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। এলাকাভিত্তিক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভাসমান জনগোষ্ঠীর নিয়ন্ত্রণসহ স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language