প্রিয় সঙ্গী ‘লাকি’কে হারিয়ে শোকাতুর অভিনেতা ও সংসদ সদস্য দেব

কলকাতা, ৪ মে – পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে দেশজুড়ে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই সময়েই শোকের ছায়া নেমে এলো টলিউড তারকা ও ঘাটাল কেন্দ্রের সংসদ সদস্য দেবের জীবনে। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রিয় সঙ্গী এবং আদরের পোষ্য কুকুর ‘লাকি’কে হারিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্যকে হারানোর দুঃসংবাদটি নিজেই জানিয়েছেন এই অভিনেতা।
সামাজিক মাধ্যমে পোষ্যের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দেন দেব। তিনি লেখেন, লাকি তুমি আমার জীবনে ঘটা সেরা জিনিস। শান্তিতে থেকো এবং দ্রুত ফিরে এসো।
পারিবারিক সূত্র অনুযায়ী, লাকি কেবল দেবের পোষ্য ছিল না, বরং পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য হিসেবে বিবেচিত হতো। রাজনীতি বা শুটিংয়ের ব্যস্ততা শেষে বাড়ি ফিরলেই এই চারপেয়ে বন্ধুটি তাকে সঙ্গ দিত।
ঘাটাল আসন থেকে হ্যাট্রিক জয়ের অপেক্ষায় থাকা এই অভিনেতার ব্যক্তিগত শোকের খবরে সমবেদনা জানিয়েছেন তার সহকর্মী ও অগণিত ভক্ত। রাজনৈতিক জয় বা পরাজয়ের হিসাব ছাপিয়ে এখন প্রিয় সঙ্গীকে হারানোর বেদনা বড় হয়ে দাঁড়িয়েছে।
পশুপ্রেমী হিসেবে পরিচিত দেবের বাড়িতে হ্যাপি নামে আরও একটি পোষ্য রয়েছে। আপাতত প্রিয় বন্ধুর প্রয়াণের শোক সামলে ওঠার চেষ্টা করছেন এই তারকা সাংসদ।
এনএন/ ৪ মে ২০২৬









