বন্দুকধারীদের গুলিতে বুর্কিনা ফাসোতে নিহত বেড়ে ১৬০

উয়াগাদুগু, ০৭ জুন – পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর সোলহান গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে নিহত হয়েছেন ১৬০ জন। তাদেরকে হত্যার পর গণকবরে মাটিচাপা দিয়ে রেখেছিল সন্ত্রাসীরা। খবর বিবিসির।
দেশটির সরকারের মুখপাত্র ওউসেনি তামবোউরার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন গ্রামটির অর্ধশতাধিক বাসিন্দা।
ইয়াগা প্রদেশের সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা গত শুক্রবার রাতভর হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে। হামলার সময় তাদের ঘরবাড়ি এবং বাজারও পুড়িয়ে দেয় তারা।
দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে এই হামলাকে ‘বর্বর’ বলে উল্লেখ করে বুর্কিনার জনগণকে ‘এসব অস্পষ্টতা সৃষ্টিকারী বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানান।
দেশটিতে গত কয়েক বছরের মধ্যে এই হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী। নিহতদের স্মরণে দেশটির সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুর্কিনা ফাসোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। দেশটিকে সহায়তার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে গুতেরেস বলেন, ‘এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই এবং সহিংস উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে সদস্য রাষ্ট্রদের সহায়তা দ্বিগুণ করার আহ্বান জানাচ্ছি।’
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৭ জুন









