পশ্চিমবঙ্গ

উত্তেজনায় মুখর পশ্চিমবঙ্গ: ভোট গণনা শুরু, কেন্দ্রজুড়ে স্লোগান-পাল্টা স্লোগান

কলকাতা, ০৪ মে – ভারতের পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সোমবার (৪ মে) সকাল থেকেই বিভিন্ন গণনাকেন্দ্রে প্রার্থী, এজেন্ট ও সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রে সকালেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে বিজেপি নেতা কৌস্তুভ বাগচীকে দেখে তৃণমূল সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল প্রার্থী ও চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে বিজেপি সমর্থকেরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন। দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জগদ্দল আসনের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম অভিযোগ করেন, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তাকে গণনাকেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছেন।

অন্যদিকে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং এবং আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা রত্না দেবনাথ ইতোমধ্যে গণনাকেন্দ্রে প্রবেশ করেছেন। রত্না দেবনাথ গণনার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত তার লড়াই অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে। এরপর ইভিএম খুলে মূল ভোট গণনা শুরু হবে।

গণনাকেন্দ্রগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে—পশ্চিমবঙ্গে ক্ষমতায় বর্তমান সরকারের প্রত্যাবর্তন ঘটবে, নাকি পরিবর্তনের হাওয়া বইবে। এই ফলাফল শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভোট গণনাকে ঘিরে উত্তেজনা এবং রাজনৈতিক মেরুকরণ পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফলের দিকে—কার হাতে উঠবে পশ্চিমবঙ্গের ক্ষমতার ভার।

এনএন/ ০৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language