মালির রাজধানীসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বন্দুকধারীদের ব্যাপক হামলা

বামাকো, ২৬ এপ্রিল – মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর থেকে রাজধানীর নিকটবর্তী বিমানবন্দর এবং প্রধান প্রধান সামরিক স্থাপনাগুলোতে এই অস্থিরতা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, রাজধানী বামাকোর বাইরে কাটি এলাকায় অবস্থিত প্রধান সামরিক ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ ও টানা গুলির শব্দ শোনা গেছে।
উল্লেখ্য, এই ঘাঁটিতেই মালির বর্তমান সামরিক শাসক জেনারেল আসসিমি গোইতা বসবাস করেন। প্রায় একই সময়ে মধ্য মালির সেভারে শহর এবং উত্তরাঞ্চলের কিদাল ও গাও নগরেও হামলার ঘটনা ঘটে। গাও শহরের এক বাসিন্দা জানান, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করলেও দুপুর পর্যন্ত সেখানে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় গভর্নর রাতে সান্ধ্য আইন বা কারফিউ জারি করেছেন।
এদিকে এই হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন বা জেএনআইএম। তারা দাবি করেছে, রাজধানীর বিমানবন্দর ও কাটি ঘাঁটির পাশাপাশি উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় তারা হামলা চালিয়েছে। এছাড়া টুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের সঙ্গে মিলে কিদাল শহর দখলেরও দাবি করেছে তারা। খনিজ সম্পদে সমৃদ্ধ পশ্চিম আফ্রিকার এই দেশটি এক দশকেরও বেশি সময় ধরে আল কায়েদা ও আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতার মোকাবিলা করছে।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









