সাহিত্য সংবাদ

বিশ্বমঞ্চে বাংলা সাহিত্য: তিন আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশন

ঢাকা, ০৪ মে – বাংলা ভাষা ও সাহিত্যের বৈশ্বিক বিস্তারে নতুন মাত্রা যোগ করতে তিনটি আন্তর্জাতিক বইমেলায় অংশ নিতে যাচ্ছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা অভ্র প্রকাশন। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য এই বইমেলাগুলোতে প্রতিষ্ঠানটি তাদের নতুন ও জনপ্রিয় প্রকাশনা নিয়ে হাজির হবে।

প্রকাশনা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা, ২০তম টরন্টো বাংলা বইমেলা এবং লন্ডনে অনুষ্ঠিতব্য চতুর্দশ বাংলাদেশ বইমেলায় অংশ নেবে এই প্রকাশনা সংস্থাটি।

এর মধ্যে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত বইমেলাটি আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন।

এই আন্তর্জাতিক মেলাগুলোতে অভ্র প্রকাশন তাদের— সাম্প্রতিক প্রকাশনা, নির্বাচিত সাহিত্যকর্ম, বহুলপঠিত জনপ্রিয় বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য উপস্থাপন করবে। পাশাপাশি প্রবাসী পাঠকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের পাঠরুচি বোঝারও চেষ্টা থাকবে।

প্রকাশনা সংস্থাটির মতে, আন্তর্জাতিক বইমেলাগুলো বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি কার্যকর মাধ্যম। প্রবাসে বসবাসরত বাংলাভাষীদের কাছে দেশের সাহিত্য পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার সঙ্গে সংযুক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য।

অভ্র প্রকাশনের নির্বাহী প্রধান অপূর্ব শর্মা বলেন, “আন্তর্জাতিক বাংলা বইমেলাগুলো শুধু বই বিক্রির জায়গা নয়, বরং এগুলো প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।”

তিনি আরও জানান, এসব আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত রাখা সম্ভব।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলা প্রকাশনা শিল্প ধীরে ধীরে বৈশ্বিক পাঠকবাজারে জায়গা করে নিচ্ছে। এতে একদিকে যেমন প্রবাসী পাঠকদের সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে, অন্যদিকে বাংলা বইয়ের বাণিজ্যিক সম্ভাবনাও বাড়ছে।

দেশ-বিদেশে মানসম্মত প্রকাশনার জন্য ইতোমধ্যেই পাঠকমহলে আস্থা অর্জন করেছে অভ্র প্রকাশন। এবারের আন্তর্জাতিক অংশগ্রহণ তাদের সেই অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ০৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language