প্রেমিকার মান ভাঙাতে ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে যুবক, সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার

মাদারীপুর, ৪ মে – মাদারীপুরের শিবচরে প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের জেরে ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন হাসান শিকদার নামে এক যুবক। রোববার সন্ধ্যার পর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতি শেষে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদার তার প্রেমিকার সাথে বিচ্ছেদ মেনে নিতে না পেরে ওই টাওয়ারে চড়েন। টাওয়ারের ওপর থেকে তিনি ফোনে প্রেমিকাকে সম্পর্ক পুনরায় শুরু করার জন্য অনুরোধ জানান এবং দাবি না মানলে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং টাওয়ারের ওপরে উঠে তাকে নিচে নামতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন।
ঘটনার সংবাদ পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় হাজারো উৎসুক জনতা টাওয়ারের নিচে ভিড় জমান। দীর্ঘ সময় আলোচনার পর রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় হাসান নিচে নেমে আসেন। পরবর্তীতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরিবারের কাছে হস্তান্তর করে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে এবং কৌশল অবলম্বন করে হাসানকে টাওয়ারের উঁচু থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন তারা। বর্তমানে ওই যুবক তার পরিবারের সঙ্গে রয়েছেন।
এস এম/ ৪ মে ২০২৬









