মাদারীপুর
পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৫

মাদারীপুর,২৯ অক্টোবর-পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনায় বাস দুটি দুমড়েমুচড়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের শিবচরে জাজিরার নাওডোবা এলাকার কাছাকাছি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সাত্তার হাওলাদার। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাসের সুপারভাইজার ছিলেন।
পদ্মা দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নিহত হয়েছেন।
এস এম/ ২৯ অক্টোবর ২০২৬







