মাদারীপুর

মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনা

মাদারীপুর, ১৩ জুলাই – প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুর জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে ভিড় করেন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। হাতে ফুল এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা প্রিয় নেতাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন।

বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘক্ষণ মহাসড়কের পাশে অবস্থান করে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তারেক রহমানের গাড়িবহর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা দিয়ে জেলায় প্রবেশ করলে উৎসবে রূপ নেয় পুরো এলাকা।

পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর এলাকা অতিক্রমের সময় নেতাকর্মীরা পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে অভিবাদন জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে জনগণের শুভেচ্ছার জবাব দিলে উপস্থিত জনতার মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাদ্যযন্ত্রের তালে স্লোগান ও করতালিতে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। রাজৈর উপজেলার টেকেরহাট, সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটাসহ বিভিন্ন এলাকায় ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান নেন।

মোস্তফাপুর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

এছাড়া ভুরঘাটা এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মাদারীপুরের মহাসড়কজুড়ে এক বর্ণিল পরিবেশের সৃষ্টি হয়।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language