মিশরে সাপুড়ের খেলা দেখার সময় কোবরার কামড়, জার্মান পর্যটকের মৃত্যু

কায়রো, ২৯ এপ্রিল – মিশরে ছুটি কাটাতে গিয়ে সাপুড়ের খেলা দেখার সময় এক জার্মান পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লোহিত সাগর উপকূলের রিসোর্ট শহর হুরঘাদার একটি হোটেলে এই দুর্ঘটনা ঘটে। গত সোমবার জার্মানির বাভারিয়ান রাজ্য পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায় যে এপ্রিলের শুরুতে মিশরের একটি বিলাসবহুল রিসোর্টে পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন উন্টারআলগাউ অঞ্চলের ৫৭ বছর বয়সি এক ব্যক্তি। সাপুড়ের অনুষ্ঠান চলাকালে একটি বিষধর কোবরা সাপ হঠাৎ ওই পর্যটকের প্যান্টের ভেতর ঢুকে পড়ে এবং তার পায়ে কামড় দেয়।
ঘটনার পরপরই শরীরে বিষ ছড়িয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে যে হোটেলটির নিয়মিত বিনোদন কর্মসূচির অংশ হিসেবে সাপুড়ে দুটি গোখরা বা কোবরা সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন। প্রদর্শনী চলাকালে দর্শকদের কাছাকাছি সাপ নিয়ে আসা এবং মাঝে মাঝে পর্যটকদের গলায় সাপ জড়িয়ে দেওয়ার এক পর্যায়ে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বজুড়ে কোবরা অত্যন্ত বিষধর সাপ হিসেবে পরিচিত। এই মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকাটিতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জার্মানির মেমিঙ্গেন পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশনায় মেমিঙ্গেন ক্রিমিনাল পুলিশ ইনস্পেক্টরেট ঘটনাটি তদন্ত করছে। লোহিত সাগরের তীরে অবস্থিত হুরঘাদা বিশ্বজুড়ে বিলাসবহুল হোটেলের জন্য জনপ্রিয় হলেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেখানে শোকের ছায়া নেমে এসেছে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









