জাতীয়

হজযাত্রা ২০২৬: সৌদি আরবে পৌঁছেছেন ৪৪,৯৫৫ বাংলাদেশি, মৃত্যু ৭ জনের

ঢাকা, ০৪ মে – চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটে তারা সেখানে গমন করেন।

সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় গেছেন: ৪,০৭১ জন, বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন: ৪০,৮৮৪ জন।

হজযাত্রী পরিবহনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা ৫২টি ফ্লাইটে ২১,৩০১ জন যাত্রী পরিবহন করেছে, সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে নিয়েছে ১৫,৪২৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে নিয়েছে ৮,২২৯ জন।

চলমান হজ মৌসুমে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতদের সবাই পুরুষ। মক্কায় মৃত্যু: ৫ জন ও মদিনায় মৃত্যু: ২ জনের। সর্বশেষ গত ২৮ এপ্রিল রংপুরের বাসিন্দা মো. শামসুল আলম (৬৩) মৃত্যুবরণ করেন।

চাঁদ দেখা সাপেক্ষে, চলতি বছর হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৬ মে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে— সরকারি ব্যবস্থাপনায়: ৪,৫৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায়: ৭৩,৯৩৫ জন।

হজ শেষে দেশে ফেরার জন্য ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে। জেদ্দা থেকে শুরু হওয়া এই কার্যক্রম পুরো জুনজুড়ে চলবে। শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

এবারের হজযাত্রা এখনো চলমান থাকলেও ইতোমধ্যে প্রায় অর্ধেক যাত্রী সৌদি আরবে পৌঁছে গেছেন। নির্ধারিত সময়ের মধ্যে বাকি যাত্রীদের যাত্রা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে।

এনএন/ ০৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language