সিলেট

হাবিবকে সিলেট-৩ এ মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর প্রতি লুৎফুরের অনুরোধ

সিলেট, ২৩ মে– আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলের জনপ্রিয় ও নিবেদিত কর্মীকে মনোনয়ন দিলে বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবকে এ আসনে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন।

গতকাল শনিবার দুপুরে দক্ষিণ সুরমায় হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পত্নী ফারজানা চৌধুরী ছাড়াও উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান ডজনখানেক নেতা। এদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির রয়েছেন ৬ জন নেতা। তাই সভাপতি হিসেবে সরাসরি কারও পক্ষে অবস্থান নেয়া নিয়ে সমালোচনায় পড়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান।

সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য মিসবাহ উদ্দীন সিরাজ, মোস্তাকুর রহমান মফুর, আবু জাহিদ, আব্দুল বাসিত টুটুল, বদরুল ইসলাম জাহাঙ্গীরও রয়েছেন। কিন্তু লুৎফুর রহমান আরেক সদস্য হাবিবুর রহমানকে মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রধানের প্রতি অনুরোধ জানান।

সাবেক ছাত্রনেতা মিসবাহ উদ্দীন সিরাজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক। এডভোকেট নিজাম উদ্দিন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের বিগত কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাকুর রহমান মফুর বর্তমানে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আবু জাহিদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। আর আব্দুল বাসিত টুটুল ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাংবাদিক শাহ্ মুজিবুর রহমান জকন, সহকারী অ্যাটর্নী জেনারেল আাব্দুর রকিব মন্টুসহ বেশ কয়েকজন।

সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও এ আসনে মনোনয়নপ্রত্যাশী শমসের জামাল বলেন, দলের সভাপতি এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা উনার একান্ত ব্যক্তিগত বক্তব্য। জেলা আওয়ামী লীগ থেকে কারো প্রার্থীতার ব্যপারে কোন সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন চাচ্ছেন সকলেই যোগ্য প্রার্থী। দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে সকলে ঐক্যবদ্ধভাবে তার সাথেই কাজ করবেন।

তবে কোন প্রবাসী ব্যক্তিকে সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে মেনে নেয়া হবে না বলে জানান শমশের জামাল।

সূত্র: সিলেটভিউ
এম এন / ২৩ মে


Back to top button