দেশের ১৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা, তিন নদীর পানি বিপৎসীমার ওপরে

সিলেট, ২১ জুলাই – পাহাড়ি ঢল এবং ভারি বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ১৪টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
বর্তমানে দেশের তিনটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে, সুরমা নদী ছাতকে এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে যা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।
একইভাবে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর ফলে জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
এছাড়া নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকায় সাময়িকভাবে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এস এম/ ২১ জুলাই ২০২৬









