শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে মোদি ও শাহর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

নয়া দিল্লি, ২১ জুলাই – ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার অভিযোগ তোলেন।
সম্প্রতি দেশের পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত চলো সংসদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পায়।
ঘটনার পর আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান রাহুল গান্ধী। সেখানে সাংবাদিকদের তিনি বলেন যে দেশের তরুণ সমাজ আজ শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ। বর্তমান পরীক্ষা ব্যবস্থাকে উইপোকায় খাওয়া কাঠামোর সঙ্গে তুলনা করে তিনি প্রশ্ন তোলেন যে এমন সংকটজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেন নীরব রয়েছেন।
শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপকে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী আখ্যা দিয়ে রাহুল গান্ধী বলেন যে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ার পর প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ওপর তরুণদের যে শেষ ভরসা ছিল তাও এখন ধ্বংসের মুখে।
তিনি আরও অভিযোগ করেন যে শিক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট ভাবাদর্শের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে গুটিকয়েক শিল্পপতির স্বার্থ রক্ষা করা হচ্ছে।
এস এম/ ২১ জুলাই ২০২৬









