সিলেট ও চট্টগ্রামে ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কায় ৭ জেলা

সিলেট, ৯ জুলাই – সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি ক্রমাগত বাড়ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১০টি পয়েন্টে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও চারটি পয়েন্টে পানি অবস্থান করছে সতর্ক সীমায়। এতে করে দুই বিভাগের সাতটি জেলার নদীসংলগ্ন নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। সিলেট বিভাগের কুশিয়ারা নদীর মারকুলি, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার সদর এবং ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
খোয়াই নদীর বল্লা ও হবিগঞ্জ সদর পয়েন্টেও পানি এখন বিপৎসীমার ওপরে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট এবং মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে।
নদীগুলোর পানি বৃদ্ধির ফলে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং স্থানীয় প্রশাসন ওই এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ৯ জুলাই ২০২৬









