কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ডাক

ঢাকা, ২১ জুলাই – কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়। সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান যে তাদের দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া হবে।
বর্তমানে প্রতি ঘনমিটারে নির্ধারিত কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছেন তারা। তবে আন্দোলনের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের সাথে আলোচনা প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মালিকপক্ষ উল্লেখ করেন যে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
গত কয়েক বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বৃদ্ধির ফলে এই ব্যবসায় চরম সংকট সৃষ্টি হয়েছে। তাই তারা বর্তমান পরিস্থিতিতে কমিশন বৃদ্ধির কোনো বিকল্প দেখছেন না।
এস এম/ ২১ জুলাই ২০২৬









