মধ্যপ্রাচ্য সংকটে চরম ঝুঁকিতে সৌদি আরবের তেল সরবরাহ

রিয়াদ, ২১ জুলাই – মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে সৌদি আরবের তেল সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। লোহিত সাগরে হুথিদের নৌ-অবরোধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে এশিয়াসহ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরির ফলে সৌদি আরবের রফতানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ মাইকেল স্টিফেনসের মতে, বাব আল-মানদেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে বোমা হামলার পরিকল্পনা কোনো টেকসই সমাধান বয়ে আনবে না।
রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর এই সিনিয়র ফেলো মনে করেন, হরমুজ বা বাব আল-মানদেবের মতো ঝুঁকিপূর্ণ রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জটিল।
হুথিদের সাম্প্রতিক পদক্ষেপের ফলে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন কার্যত অকার্যকর হয়ে পড়ার উপক্রম হয়েছে, যা ইয়ানবু টার্মিনাল হয়ে বিশ্ববাজারে তেল পাঠানোর প্রধান পথ। বিশ্লেষকদের ধারণা, তেল সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পশ্চিমা ও এশীয় দেশগুলোর পক্ষ থেকে রিয়াদকে বড় ধরনের চাপের মুখে পড়তে হবে।
বর্তমানে অপরিশোধিত তেলের দাম কমার যে প্রত্যাশা ছিল, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তা পূরণ হওয়া কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক সংঘাত শুরু হওয়ার পর অনেক দেশ তাদের জরুরি তেলের মজুত ব্যবহার করে ফেলেছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে।
এস এম/ ২১ জুলাই ২০২৬









